
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করেছে পুলিশ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩১ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আটজনকে গ্রেফতার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১১ হাজার ১২৭ পিস ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং ১৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।