
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে বা উদ্ধার হতে সক্ষম হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি নতুন নির্মিত ছিল। এটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নদীপথে কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। শ্যামবাজার ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলারের প্রপেলার পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে স্থির হয়ে পড়ে।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ দুইজনের সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।