
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩১ জন, মিরপুর বিভাগ থেকে ১১৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৭ জন, উত্তরা বিভাগ থেকে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।