
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বৈশ্বিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আয়োজন ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি ও এআইভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অধিবেশনে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কার্যকর এআই গভর্ন্যান্স এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের বিভিন্ন উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ফকির মাহবুব আনাম।
এসব বৈঠকে তিনি ডিজিটাল রূপান্তর, এআইনির্ভর উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ডব্লিউএআইসি ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর এবং ডিজিটালভাবে সক্ষম রাষ্ট্র গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।