
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য চাল, রান্না করা খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে এবং এ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলমান থাকবে।
তিনি আরও জানান, বন্যার কারণে জেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি সড়কে মেরামতের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
ত্রাণ বিতরণ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তার সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের আরও কয়েকটি এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।