
সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষেই সরকারের অবস্থান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।
শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এতে রাজনৈতিক দলগুলো যৌথভাবে স্বাক্ষর করেছে। তবে গণভোটসংক্রান্ত একটি বিষয় নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা হয়নি। পাশাপাশি উচ্চ কক্ষ গঠনের বিষয়েও বিএনপি কখনো সম্মতি দেয়নি। তার ভাষ্য, সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে সংস্কারের সূচনা বিএনপিই করেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপি সংসদে পাস করেছিল। এখন যারা বিরোধী দলে রয়েছেন, তারা মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।’
তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিশ্বাসী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।