
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে সরকার। একই সঙ্গে স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দেওয়ার নীতির কথাও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে জ্বালানির প্রয়োজন হয় না। ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
বিদ্যুতের মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবারে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক জনগোষ্ঠী যেন অতিরিক্ত চাপের মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে পরিবারভিত্তিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।