
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৪৭ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৭ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মোটরসাইকেল এবং নগদ ১৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।