
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের লিংক রোডে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তাঁরা দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যান। তাঁদের সম্ভাব্য চলাচলের পথ সম্পর্কে পুলিশ তথ্য পেয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন।
ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে জানিয়ে ইবনে মিজান বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সকালে প্রতিষ্ঠানগুলো খুললে ফুটেজ সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বস্তুটি দেখতে অনেকটা পটকার মতো ছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে এমন ঘটনার বিষয়ে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক ব্যবহার না করে বিকল্প লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থার বাইরে এ পথ ব্যবহার করেই তারা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইবনে মিজান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ককটেল নিক্ষেপে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।