
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৫৯, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৮২, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ৯০, গুলশানে ৪৭ ও উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১১ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি ক্যান বিয়ার, একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।