
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক মজুত ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারের কাছে একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফের নির্দেশনায় এবং উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের দুজন সদস্য এতে অংশ নেন।
নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পশ্চিম পাশের একটি কক্ষে রাখা চালের ড্রামের ভেতর থেকে কফি রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির মধ্যে কাগজ ও আঠালো ফিতা দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেটে ইয়াবাগুলো রাখা ছিল। উদ্ধার করা মাদকের মোট ওজন ৩ দশমিক ৪০ কেজি।
অভিযানস্থল থেকে মালা বেগম ও তাঁর ছেলে মামুন চোকদারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাহিদা বেগম ইতি (৪৮) নামের আরেক নারীকে আসামি করা হয়েছে। তবে তিনি ঘটনাস্থলে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
কক্সবাজার থেকে এনে বিভিন্ন এলাকায় সরবরাহের অভিযোগ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি। অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন।
পরে এসব ইয়াবা গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে ভাটারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।