
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। এ বিষয়ে শাহবাগ থানাকে অবহিত করেছে পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে রাকিবের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে আটক করেন। পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান শাহাদাত হোসেন।
পরে কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
অসুস্থ ভাইকে ভর্তি করাতে এসে চিকিৎসক পরিচয়
রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি ঢামেকে এসেছিলেন। দীর্ঘ চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাঁকে আটক করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগ থেকে আটকের পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।