
রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে এক দিনে ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭২ জন, মতিঝিলে ৫৮ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪০ জন, রমনায় ২৯ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।