
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরা হবে। পাশাপাশি সনদ বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং এ বিষয়ে এনসিপির অবস্থান ব্যাখ্যা করবেন নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদের সদস্য ও কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ কমিটির অন্য সদস্যরা।
এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।