
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পুলিশি উপস্থিতি, সিসি ক্যামেরায় নজরদারি এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, পূজামণ্ডপের গুরুত্ব ও দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনায় নিরাপত্তার জন্য সেগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের পাশাপাশি সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। কোনো সন্দেহজনক ঘটনা বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য চোখে পড়লে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানান ডিএমপি কমিশনার।
পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।