
প্রাথমিক বৃত্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ ডিসেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তের ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ আয়োজনের কথা জানানো হয়।