
বেনাপোলে মুরগিবাহী ভ্যানে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন।
গ্রেপ্তার মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
এর আগে শুক্রবার রাত ১১ টার দিকে বেনাপোল তনিমা ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন বেনাপোল থেকে এক যুবক মুরগিবাহী ইঞ্জিনচালিত ভ্যানে অস্ত্র নিয়ে সাতক্ষীরার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের তনিমা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এসময় পুলিশ মুরগিবাহী ভ্যানটি থামিয়ে তল্লাশি করে একটি দেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন নামে এক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।