
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৯ জন, লালবাগে ৭১, ওয়ারীতে ৯০, মতিঝিলে ৮৯, তেজগাঁওয়ে ৬৮, মিরপুরে ১৫৯, গুলশানে ৪২ ও উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া নয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার ও ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।