
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহাদ হোসেনের বয়স ৩৮ বছর। তিনি ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আহাদ হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন এবং দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ঝটিকা মিছিল পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।