
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে, সেসব ফুটপাত পুনরায় দখল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
রোববার (২৫ অক্টোবর) হাতিরঝিলের মগবাজার আউটারে নগর বাগান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে নগরের যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে যানজট তৈরি হচ্ছে, সেসব জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।
নগরের পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলছে। একই সঙ্গে নগর আধুনিকায়নের অংশ হিসেবে খাল খননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মগবাজারে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি পার্কে বাগান তৈরি করা হয়েছে।
এ কাজে সহযোগিতার জন্য বেসরকারি সংগঠন ফুটস্টেপসকে ধন্যবাদ জানান শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। গুলশান লেকের দূষিত পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সিটি করপোরেশনের সহযোগিতায় লেকটিকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। লেকের পাশের দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতিও।
বসিলার ৪০ ফুট খালের উদাহরণ টেনে তিনি বলেন, কয়েক দিন আগে খালটি পরিদর্শন করে দেখা গেছে, ফুটস্টেপসের উদ্যোগে দীর্ঘদিন অবহেলিত খালটি পরিষ্কার করে দৃষ্টিনন্দন করা হয়েছে। যে উদ্যোগ সম্মিলিতভাবে নেওয়ার কথা ছিল, তা বাস্তবায়নে এগিয়ে এসেছে যুবসমাজ ও সংগঠনটি।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ঢাকা মহানগরীসহ দেশের সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি বাস্তবায়নে ফুটস্টেপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে।