
ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে পর্তুগালের বিপক্ষে শুরুতেই এগিয়ে গিয়েও জয় পায়নি বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে লিড নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তারা। আজ দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গতকাল ইউরোপের আরেক দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি।
ফিফা প্রথমবারের মতো অ-১৫ পর্যায়ের ফুটবল ফেস্টিভ্যালকে বৈশ্বিক আয়োজনে রূপ দিয়েছে। এতে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ হচ্ছে এইট-এ-সাইড পদ্ধতিতে, যেখানে ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট খেলা হয়।
পর্তুগালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। রোনালদোর দেশের বিপক্ষে শুরুতেই গোল পেয়ে জয়ের আশাও জেগেছিল। কিন্তু পরবর্তী সময়ে নিজেদের কিছু ভুল এবং পর্তুগালের ভালো পারফরম্যান্সের কারণে সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
এই দলের যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের শেষ দিকে। সে সময় অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশজুড়ে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হয়। নির্বাচিত ফুটবলারদের নিয়ে ক্যাম্প আয়োজনের পর আরেক দফা উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত অ-১৫ দল গঠন করা হয়।
দুই মাসের বেশি সময় অনুশীলনের পর আজারবাইজানে বিশ্বমঞ্চে খেলতে গেছে বাংলাদেশের কিশোররা। ফুটবলে ওয়েলস ও পর্তুগাল বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাই ইউরোপের এই দুই দলের বিপক্ষে একটি ম্যাচে ড্র এবং অন্যটিতে এগিয়ে থেকে হারকে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইতিবাচক দিক হিসেবেও দেখার সুযোগ রয়েছে। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে ভালো ফলের প্রত্যাশা থাকবে বাংলাদেশের।