
বিরোধী দলকে রাজপথে লং মার্চ ও মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।
রোববার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়ছে, তা তুলে ধরে আন্তর্জাতিক মহলে দেশের ন্যায্য দাবির কথা পুনর্ব্যক্ত করেন নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় আমরা ন্যায়বিচার চাই। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে জমি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আমাদের মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশের মতো কম কার্বন নিঃসরণকারী দেশ জলবায়ু পরিবর্তনের বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।