
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৯টি মামলা দায়েরের পাশাপাশি ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া উত্তরা বিভাগে ৬৭ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৫৩ জন, গুলশানে ৫০ জন, মতিঝিলে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও সাতজন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা ও ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ছাড়া আটটি মোবাইল ফোন এবং নগদ ২৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।