
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুরান ঢাকায় নিয়মিত পাহারার ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজ শেষে বৃষ্টি উপেক্ষা করে সদরঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। পরে আয়োজিত এক আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইশরাক।
কর্মসূচিতে তিনি বলেন, গত দুই দিন ধরে নেতা-কর্মীরা সারা রাত জেগে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটার খবর পাওয়া গেলেও ঢাকা-৬ সংসদীয় আসনের আওতাধীন এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি জানান, পাহারা দেওয়ার সময় সন্দেহভাজন কাউকে দেখামাত্র আটক করা হয়েছে। পরে তার রাজনৈতিক পরিচয় যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ইশরাক হোসেন আরও বলেন, সাধারণ মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে স্থানীয় পর্যায়ে নিয়মিত তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং পাহারার ব্যবস্থা আরও জোরদার করা হবে।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা
অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া বলেন, দেশের কোনো স্থাপনা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হতে দেওয়া হবে না। যেকোনো ধরনের অরাজকতা ও সহিংসতা প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদল রাজপথে অগ্রসেনানী হিসেবে দায়িত্ব পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু রাতের পাহারার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে আরও কিছু গঠনমূলক উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
এ ধরনের উদ্যোগের মধ্যে রয়েছে এলাকাভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন, পুলিশের সঙ্গে সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। এ ছাড়া রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দ্রুত অভিযোগ গ্রহণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা এবং যুবসমাজকে এসব কার্যক্রমে সম্পৃক্ত করার কথাও বলা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।