
সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা। এ সময় তারা ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা ঘটনাস্থলে যান।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের আমির মো. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এ ছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
নগরে ধারাবাহিক অগ্নিসংযোগ নিয়ে উদ্বেগ
ঘটনাস্থল পরিদর্শনকালে জামায়াত নেতারা বলেন, সিলেট নগরে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এরই মধ্যে নগরের ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরের নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে।