
নির্বাচনি জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার বেলা ১১টায় মহেশখালীর নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন। তার আগমনকে ঘিরে মহেশখালীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের চারপাশ ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে সাজানো হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দু রহিম জানান, জনসভায় কক্সবাজার–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ মহেশখালীবাসীর বিভিন্ন দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরবেন।
জনসভাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মহেশখালীর জনসভা শেষে শফিকুর রহমান কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে মহেশখালী ও কক্সবাজারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।