
লক্ষ্মীপুরে ভোটের ছয়টি সীল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামীর ওপর দায় চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর জেলা জামায়াত। বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে উক্ত ঘটনায় জামায়াতের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বিএনপির অভিযোগের প্রতিবাদ জানান।
তিনি বলেন, ভোটের সীল উদ্ধারের ঘটনায় জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। বিএনপির এমন বক্তব্য প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ করে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ড. রেজাউল করিম আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তিনি ভোটের সীল উদ্ধারের ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন সব অপপ্রচার বন্ধের আহ্বান জানান। এছাড়া কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিএনপি কর্তৃক জামায়াতের ওপর দায় চাপানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াত নেতা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।