
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ৪ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে কমিশন।
নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোটের আগেই কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়। এই বিধানের আলোকে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।
আইনে আরও বলা হয়েছে, এমন ক্ষেত্রে মৃত ব্যক্তিকে অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
তবে আইন অনুযায়ী কিছু ব্যতিক্রমের কথাও উল্লেখ রয়েছে। কোনো প্রার্থী চূড়ান্তভাবে বৈধ ঘোষিত হওয়ার আগেই মারা গেলে অথবা একই আসনে একই দলের অন্য কোনো বৈধ বিকল্প প্রার্থী থাকলে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।
উল্লেখ্য, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্বেও ছিলেন। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।