
জামায়াতে ইসলামীকে একটি প্রতারক দল আখ্যা দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই দলটি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং জনগণের সঙ্গে ধারাবাহিকভাবে ধোঁকাবাজি করে আসছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা কখনোই সঠিক ইতিহাস তুলে ধরতে পারে না। তারা ইতিহাস বিকৃত করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এখন আবার নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে, এমনকি ভাড়ায় একজন মুক্তিযোদ্ধা এনে প্রমাণ করতে চায় তাদেরও মুক্তিযোদ্ধা আছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থান বরাবরই সন্দেহজনক ছিল বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র, সংবিধান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি তা রক্ষায় সামনে এসেছে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরদিন ১৩ তারিখ থেকে যারা অন্যায় করবে, অপরাধ করবে কিংবা সাধারণ মানুষকে হয়রানি করবে—তাদের বিরুদ্ধে বিচার শুরু হবে, ইনশাআল্লাহ। কেউ অপরাধ করে ছাড় পাবে না।”
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাঁদের জ্যেষ্ঠ সন্তান সাঈদ ইব্রাহীম আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং বিএনপি নেতা সাজ্জাদুল কবির চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।