.jpg)
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) গুলিবিদ্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন— এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নজরে আনা হলে নুরুল হক গণমাধ্যমকে জানান, তিনিও অনলাইনে নিজের গুলিবিদ্ধ হওয়ার খবর দেখেছেন। কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন এবং বর্তমানে নিজ নির্বাচনী এলাকাতেই অবস্থান করছেন।
নুরুল হক অভিযোগ করেন, তাকে জড়িয়ে গুলিবিদ্ধ হওয়ার যে তথ্য ছড়ানো হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত গুজব। তার দাবি, এ ধরনের অপপ্রচারের লক্ষ্য হলো তার কর্মী-সমর্থকদের মনোবল দুর্বল করা এবং তৃণমূল ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
এদিকে তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটাচ্ছেন প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের অনুসারীরা। এসব ঘটনায় তিনি ও তার সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
নুরুল হক আরও দাবি করেন, হাসান মামুনের স্ত্রী প্রশাসনের একজন কর্মকর্তা হওয়ায় স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করা হচ্ছে। এর ফলে অভিযোগ জানানো হলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তার।