
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি জুটমিল পুনরায় চালুর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এসব মিল চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি জানান, সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালনায় আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে শিল্পাঞ্চলগুলো আবারও সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মো. শরীফুল আলম বলেন, একসময় নরসিংদীর এসব পাটকল এলাকায় হাজারো মানুষের কর্মসংস্থান ছিল। মিলগুলো পুনরায় চালু হলে অধিকাংশ নিয়োগ স্থানীয় পর্যায় থেকেই দেওয়া হবে, তবে কারিগরি ও বিশেষজ্ঞ পদে প্রয়োজন অনুযায়ী বাইরে থেকে জনবল আনা হতে পারে।
তিনি আরও বলেন, সোনালী আঁশ পাটের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার বীজের মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (বিজেআরআই) সঙ্গে কাজ করে দেশি পাটবীজকে আরও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাটের ন্যায্য মূল্য নিশ্চিতের বিষয়ে তিনি জানান, বর্তমানে পাটের দাম মণপ্রতি প্রায় ৫ হাজার টাকায় উন্নীত হয়েছে, যা আগে প্রায় ৩ হাজার টাকা ছিল।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।