
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম আবারও পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন রঙ নির্ধারণ করে পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব অনুযায়ী পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র জানায়, “পুলিশ ড্রেস রুলস, ২০২৫” সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।
প্রস্তাবে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রঙ হবে হালকা অলিভ (জলপাই)। এছাড়া এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে টিসি টুইল খাকি।
পুলিশ সদর দপ্তর জানায়, পূর্বে পোশাক পরিবর্তনের পর মাঠপর্যায়ে কিছু অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ কারণে নতুন করে বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, প্রস্তাবটি অনুমোদিত হলে দ্রুতই নতুন ইউনিফর্ম কার্যকর করা সম্ভব হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর আগে পোশাক পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে বলেছিল, দ্রুত সিদ্ধান্তে পরিবর্তন আনা হলে তা বাহিনীর ঐতিহ্য ও কার্যকারিতার ওপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এটি ব্যয়বহুল প্রক্রিয়া হওয়ায় অর্থনৈতিক চাপও তৈরি হতে পারে বলে সংগঠনটির মত।
পুলিশের ইউনিফর্ম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পোশাক চালু হলেও তা নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এখন নতুন প্রস্তাব অনুমোদিত হলে আবারও পুলিশের পোশাকে বড় পরিবর্তন আসবে।