
ইরানের বিরুদ্ধে আরোপিত অবরোধ শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান একটি শান্তিচুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “যতক্ষণ পর্যন্ত কোনো চুক্তি হচ্ছে না, আমরা অবরোধ প্রত্যাহার করছি না।” তিনি দাবি করেন, এই অবরোধের কারণে ইরান প্রতিদিন বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, “হুমকির মুখে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।” তিনি সতর্ক করে বলেন, ইরান গত দুই সপ্তাহ ধরে নতুন ধরনের সামরিক ও কৌশলগত সক্ষমতা প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের চাপ ও অবরোধ নীতি আলোচনার পরিবেশ নষ্ট করছে এবং তা যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা কোনো চাপ বা হুমকির মুখে আলোচনায় যাব না। আমাদের নতুন কৌশল ও সক্ষমতা প্রদর্শনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আলোচনায় না বসলে “নজিরবিহীন সমস্যার” মুখে পড়বে। তিনি বলেন, শেষ পর্যন্ত ইরান আলোচনায় বসবে, না হলে তাদের ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
‘দ্য জন ফ্রেডরিকস শো’-তে ফোনালাপে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় আলোচনার মাধ্যমে সমাধান, তবে ব্যর্থ হলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।