
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এ বদলি করা হয়েছে এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।