
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা জটিলতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ নির্দেশনা দেন। সভায় এনবিআরের সদস্য (ভ্যাট অডিট) সৈয়দ মুসফিকুর রহমানকে ডেকে অনলাইন রিটার্ন সংক্রান্ত সব ধরনের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের নির্দেশ দেন চেয়ারম্যান।
সভায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও এএইচ ইলেকট্রিক কোম্পানির স্বত্বাধিকারী হারেস মোহাম্মদ অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে নানা জটিলতার কথা তুলে ধরেন। তিনি জানান, ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন জমার সুযোগ বন্ধ হয়ে গেলেও পূর্বের রিটার্নগুলো সিস্টেমে হালনাগাদ না থাকায় ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। যাচাই-বাছাইয়ের নামে বিলম্বও হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের জন্য প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ ও দ্রুত করতেই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। তবে পূর্বে জমা দেওয়া ম্যানুয়াল রিটার্ন সময়মতো সিস্টেমে অন্তর্ভুক্ত না হওয়ায় বাস্তব সমস্যা তৈরি হয়েছে। তিনি স্বীকার করেন, “এটি আমাদের দায়িত্ব ছিল, সে ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি।”
তিনি আরও বলেন, কোথায় কত রিটার্ন ঝুলে আছে এবং কী কারণে আটকে আছে, তা দ্রুত প্রতিবেদন আকারে তুলে ধরতে হবে। সংশ্লিষ্টদের ডেকে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিতে হবে।
চেয়ারম্যান নির্দেশ দেন, ৩১ মার্চের সময়সীমা পেরিয়ে গেলেও যেসব রিটার্ন এখনো ঝুলে আছে, সেগুলোর কারণ খুঁজে দ্রুত নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি কোনো গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় তিনি করদাতাদের খোলামেলা মতামত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমস্যাগুলো নির্দ্বিধায় তুলে ধরুন, আমরা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়ে ভ্যাট ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করার দাবি জানান।