
দেশের উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছ থেকে ফ্লোর নিয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
তিনি জানান, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরোনো ভবনে যেখানে সুযোগ রয়েছে, সেখানে এটাচড বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে। বিধিমালা অনুযায়ী এমপিদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় কক্ষটির নাম রাখা হবে ‘পরিদর্শন কক্ষ’।
এই কক্ষে বসে সংসদ সদস্যরা প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, মতবিনিময় ও সময় দেওয়ার সুযোগ পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই এমন কক্ষের ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান।
তিনি বলেন, আজ থেকেই জিও জারি হয়েছে। তাই সংশ্লিষ্ট সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে কক্ষ প্রস্তুতের উদ্যোগ নিতে পারবেন।