
ঢাকার আদালতে পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ কারাগারে পাঠানো যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে একই আদালতের অন্য একটি বেঞ্চ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সে সময় তার দেড় মাস বয়সী পুত্রসন্তান কাইফা ইসলাম সিমরানও তার সঙ্গে ছিল। পরে বিষয়টি পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদন করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিকভাবে যথেষ্ট তথ্য ও সাক্ষ্য পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর তেজগাঁও এলাকার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য মিলেছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে দাবি করা হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করেন। তিনি আদালতকে জানান, শিল্পী বেগম সম্প্রতি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন এবং তার শিশু মাত্র এক মাস ১৬ দিনের।
শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে আদালত থেকে বের করার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে আদালতের চতুর্থ তলায় তার কোলে দেড় মাস বয়সী শিশুসন্তান তুলে দেওয়া হয় এবং সেখান থেকে তাকে হাজতখানায় নেওয়া হয়।