
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ আদেশ দেন। জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ। কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক সেখানে বদলি হয়ে আসতে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর গত ১৩ এপ্রিল তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, তার এমন বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। পাশাপাশি সাত দিনের মধ্যে তিনি জেলা প্রশাসক কার কাছে বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ দিয়েছেন, তার তথ্য-প্রমাণ প্রকাশ করতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য কাম্য নয়। পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা আইনগতভাবে দণ্ডনীয়। বিভ্রান্তি ছড়ানো এবং প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার কারণেই আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন।