
মানিলন্ডারিং মামলার তদন্তে অগ্রগতি আনতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
তদন্তের স্বার্থে কারাগারে থাকা আসামি পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন। আদালত সেই আবেদন মঞ্জুর করে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের দখলে রেখেছেন।
এছাড়া, তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। দুদকের দাবি, এসব লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ সাদা করে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে।