
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একসঙ্গে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাঁচটি জাহাজ। এর মধ্যে দুটি জাহাজ থেকে খালাস কার্যক্রম চলমান রয়েছে, পাশাপাশি বহির্নোঙরে আরও তিনটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজে আছে ২৭ হাজার টন অকটেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে ডিজেল খালাস করা হচ্ছে। এর মধ্যে ‘এমটি ওকট্রি’ জাহাজে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল ও ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি চাহিদা পূরণে এ দুটি জাহাজ থেকে দ্রুতগতিতে খালাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে, আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি ‘নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন।
বিপিসি কর্মকর্তারা বলছেন, এসব জাহাজের জ্বালানি খালাস সম্পন্ন হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং বাজারে বিদ্যমান চাপ কমবে।