
চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ১৮তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত এবং তা পরিশোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার। তিনি জানান, সরকার নিয়মিতভাবে ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বাজেটে সংস্থান রাখে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও বলেন, প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয় এবং সেই অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে পরিশোধ করা হয়।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে ঋণ ব্যবস্থাপনা করছে এবং ভবিষ্যতেও শৃঙ্খলিত অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে বৈদেশিক ঋণ পরিশোধ অব্যাহত থাকবে।