
বিনোদন জগতের বহুল আলোচিত ও বিতর্কিত বিষয় কাস্টিং কাউচ নিয়ে অভিনেত্রী হংসিকা মোটওয়ানির সাম্প্রতিক মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।
এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হংসিকা জানান, তার ক্যারিয়ারে তিনি কখনোই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি। তিনি আরও বলেন, “যদি কেউ নিজের কাজে দক্ষ হয় এবং প্রতিভাবান হয়, তাহলে তাকে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় না।”
এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেক নেটিজেনের অভিযোগ, হংসিকার বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যায় যে, যারা কাস্টিং কাউচের শিকার হয়েছেন তারা হয়তো যথেষ্ট প্রতিভাবান ছিলেন না- যা অনেকে অসংবেদনশীল ও বিতর্কিত বলে মনে করছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা কি বলা হচ্ছে যে যারা হেনস্থার শিকার হয়েছেন তারা অযোগ্য ছিলেন? এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।” আরেকজন মন্তব্য করেন, “ইন্ডাস্ট্রিতে বাইরের মানুষদের লড়াই ভিন্ন। সবাই একই পরিস্থিতি মোকাবিলা করেন না।”
অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন, চলচ্চিত্র ও বিনোদন জগতে বহু প্রতিভাবান শিল্পী কেবল অনৈতিক চাপ ও কাস্টিং কাউচ সংস্কৃতির কারণে পিছিয়ে পড়েছেন বা হারিয়ে গেছেন।
এদিকে, হংসিকার মন্তব্যকে ঘিরে বিতর্ক চলতে থাকলেও এ বিষয়ে তিনি এখনো নতুন করে কোনো ব্যাখ্যা দেননি।