
গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামিকুল ইসলাম সরকার লিপন (৫৫)। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কারাগার থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কারা সূত্র জানায়, রাত প্রায় ১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিপন। দ্রুত তাকে চিকিৎসার জন্য নেওয়া হলেও রংপুরে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
ঘটনাটি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পথে তার মৃত্যু ঘটে। তিনি জানান, কারাবন্দি অবস্থায় লিপন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত মাসেও তাকে রংপুর মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছিল।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে রংপুর কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।