
গভীর রাতে আগুন আর ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে গেল ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। আগুনের শিখা দেখে আশপাশের মানুষ ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আমাজেদ সরদার জানান, প্রতিদিনের মতো সেদিনও রাতের কাজ শেষ করে তারা অফিস বন্ধ করে বাড়ি যান। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ নানা কাগজপত্র পুড়ে গেছে।
তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষ নেওয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে। এটি শুধু আওয়ামী লীগের অফিস নয়, দল–মতনির্বিশেষে অনেকেই এখানে এসে বসতেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
এলাকাবাসীর ভাষ্য, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।