.jpeg)
মুন্সীগঞ্জে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক শোভাযাত্রা। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি এবং সবুজ-হলুদ রঙের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।
আজ শুক্রবার বিকেলে শহরের ‘অনির্বাণ’ ক্লাবের আয়োজনে দেওভোগ এলাকা থেকে মোটরসাইকেল বহর ও শতাধিক সমর্থককে নিয়ে শোভাযাত্রাটি বের হয়। এতে কয়েকশ’ ব্রাজিল সমর্থক অংশ নেন। শোভাযাত্রাটি দেওভোগ, কাচারি, সুপারমার্কেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
.jpeg)
এ সময় সমর্থকদের উল্লাস, স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সবুজ-হলুদ পতাকা ও ব্রাজিলের জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো শহর যেন এক টুকরো ব্রাজিলে পরিণত হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক সিয়াম সামি বলেন, “অনেকে বলেন আমরা অতীতের সাফল্য নিয়ে গর্ব করি। আমরা বলতে চাই, অর্জন আছে বলেই আমরা গর্ব করি। আমাদের প্রতিদ্বন্দ্বীদের মতো বিতর্কিতভাবে বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই।”

আরেক সমর্থক শাকিল তালুকদার বলেন, “আমাদের ফুটবল ইতিহাসে হাত দিয়ে গোল করার কোনো রেকর্ড নেই।”
সমর্থক আকাশ শেখ বলেন, “বিশ্বকাপে পেনাল্টি না থাকলে কিছু দল অনেক আগেই বিদায় নিত। তারা পেনাল্টির ওপরই বেশি নির্ভরশীল।”
শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমর্থকরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। পুরো আয়োজনে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।