
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালীর দশমিনা উপজেলা স্থায়ী দলীয় কার্যালয় সোমবার সকালে পুনরায় উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের সাড়ে চার ঘণ্টা পরই উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে কার্যালয়টি দোয়া ও মোনাজাতের মাধ্যমে পুনরায় চালু করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তবে বেলা সাড়ে ১১টার দিকে একই কার্যালয়ে উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মী ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদা ঢাকা ওয়াচকে বলেন, “আমরা দীর্ঘদিন মামলা-হামলার শিকার হলেও বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে আছি। যারা আজকের ঘটনা ঘটিয়েছে তারা আওয়ামী লীগের দুষ্কৃতী ও স্বতন্ত্র প্রতিপক্ষের লোকজনকে দিয়ে অফিস উদ্বোধন করিয়েছে। এটি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা ঢাকা ওয়াচকে বলেন, “দীর্ঘদিন পর কার্যালয় চালু হলেও চার ঘণ্টার মধ্যে পুনরায় ভাঙচুর রাজনৈতিকভাবে উদ্বেগজনক। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।”
জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম ঢাকা ওয়াচকে বলেন, “বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলার ঘটনায় জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যর্থ হলে প্রয়োজনে তারা সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর কার্যালয় চালু হলেও স্থায়িত্বহীনতা ও অস্থিরতা স্থানীয় রাজনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।