
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের কথা থাকলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দেখা গেছে ঢিলেঢালা আয়োজন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হলেও অনেক জায়গায় ছিল না পর্যাপ্ত প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা।
কোথাও কোথাও জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কর্মসূচি বাড়ানো প্রয়োজন ছিল।
কয়েকজন অভিভাবক জানান, অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। কোথাও সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও তা ছিল অনেকটাই দায়সারা।
তবে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়,বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গোল্ডেন চাইল্ড প্রী- ক্যাডেট স্কুলের উদ্যোগে প্রভাতফেরি ও কবিতা আবৃত্তি আয়োজন করে।
বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণের আহ্বান জানান।
ভাষা শহীদের মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনে দলীয় কোন আনুষ্ঠানিকতা বা কর্মসুচী ছিলো না।শুধুই কি তাই সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের অনুপস্থিতিতে ।
স্থানীয়রা মনে করেন, ভবিষ্যতে মহান ভাষা দিবস পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও আন্তরিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারে এবং দিবসটির তাৎপর্য যথাযথভাবে প্রতিফলিত হয়।