
মায়ের কবরের মাটি এখনো শুকায়নি, এরই মধ্যে না-ফেরার দেশে পাড়ি জমালেন বাবাও। মাত্র তিন দিনের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে দিশেহারা দুই সহোদর; ফরিদুল আলম ও মোহাম্মদ ইসলাম।
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। কারাগারে বন্দি থাকায় দুই ভাইকেই প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিতে হয়েছে। এর মাত্র তিন দিন আগে একইভাবে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছিলেন তারা। সেদিন বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোয়া চেয়েছিলেন দুই ভাই।
গত ২১ ফেব্রুয়ারি কারাগারে থাকা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসলামের মা মোস্তফা বেগম ইন্তেকাল করেন। সেদিন প্যারোলে মুক্তি পেয়ে হাতে হাতকড়া ও রশিতে বাঁধা অবস্থায় মায়ের খাটিয়া কাঁধে তোলেন তারা। ঠিক তিন দিনের মাথায়, ২৫ ফেব্রুয়ারি দুপুরে তাদের বাবা নুর আহমদও ইন্তেকাল করেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাবার জানাজায় অংশ নিতে দ্বিতীয়বারের মতো প্যারোলে মুক্তি পান দুই ভাই। এবার কোমরে দড়ি না থাকলেও হাতে ছিল হাতকড়া।
জানাজার আগে সমবেত মানুষের উদ্দেশ্যে কান্নাবিজড়িত কণ্ঠে তারা বলেন, আমরা প্রতিহিংসার শিকার। মৃত বাবা-মায়ের নামে শপথ করে বলছি, আমরা আমরা নির্দোষ।
স্বজনদের সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসলাম গত আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন। প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তারা আটক হন। ওই মামলায় জামিন পেলেও নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।