
ইফতার শেষে বাজারে দাঁড়িয়ে ছিলেন—হঠাৎ গুলির শব্দ, এরপরই লুটিয়ে পড়েন যুবক; চট্টগ্রামের রাউজানে আব্দুল মজিদ (৫৫) নামে এক যুবদলকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যার দৃশ্য এটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে। পেশায় তিনি ঘটক ছিলেন এবং স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ইফতার শেষে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে অলিমিয়াহাট বাজারের একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আব্দুল মজিদ। এ সময় তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত দাশ রায় বলেন, ইফতারের পর বাজারে কয়েকজনের সঙ্গে আব্দুল মজিদের তর্কাতর্কি হয়েছিল। একপর্যায়ে তাকে গুলি করা হয়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, নিহত ব্যক্তি পেশায় ঘটক ছিলেন। একটি বিষয় নিয়ে গত দুদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় একই ইস্যুতে পুনরায় তর্কাতর্কির জেরে তাকে গুলি করা হয়। পুলিশ ইতোমধ্যে কয়েকজনের নাম পেয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
নিহতের ভাই মো. আনোয়ার বলেন, আব্দুল মজিদ সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী ছিলেন। বিগত সরকারের সময়ে রাজনৈতিক মামলার কারণে তিনি এলাকা ছেড়ে ছিলেন। সরকার পরিবর্তনের পর এলাকায় ফিরে অলিমিয়াহাট বাজারের ইজারা নেন।