
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কৃষক দল নেতা মো. সাহাবউদ্দিন-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য এবং ১২ নম্বর চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (৪ মার্চ) লক্ষ্মীপুর জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কৃষক দলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাহাবউদ্দিনকে পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকর করেন জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ মার্চ গভীর রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বলি বাড়ি এলাকায় প্রবাসী সালমান-এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘবদ্ধ একটি ডাকাত দল গভীর রাতে বাড়িতে ঢুকে মালামাল লুটপাট করে।
পরে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে দেখা যায়, রাত দেড়টার দিকে সংঘটিত ডাকাতির ঘটনায় সাহাবউদ্দিন ও তার সহযোগীরা সরাসরি অংশ নেন। ফুটেজে তাদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে ঘর থেকে মালামাল নিয়ে যেতে দেখা যায়।
সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই দলীয়ভাবে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে জেলা কৃষক দল।